প্রসব বেদনা উঠলে গৃহবধূকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন স্বজনরা। পথেই কন্যাসন্তান জন্ম দেন আলেয়া বেগম নামের ওই নারী।
সোমবার বেলা ১১টার দিকে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আলেয়া বেগম সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পালী কবিরাজ পাড়ার মুনসুর রহমানের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পালী কবিরাজপাড়া থেকে সকাল সাড়ে ৯টার দিকে প্রসব ব্যথা উঠলে তার আত্মীয়স্বজন দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে অটোরিকশায় নেওয়ার পথে পাঁচুর মোড় এলাকার জাহানারা প্লাজার গলিতে কন্যাসন্তানের জন্ম হয়।
স্থানীয়রা জেলা প্রশাসনকে খবর দিলে সদর নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা পরিবার পরিকল্পনা অফিস উপপরিচালক ডা. কাজী মোহাম্মদ জোবায়ের গালীব ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও নার্স এসে নাড়ি কেটে নবজাতক ও প্রসূতি মাকে জেলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যান।
জেলা পরিবার পরিকল্পনা অফিসার উপপরিচালক ডা. কাজী মোহাম্মদ জোবায়ের গালীব জানান, প্রসূতি মা ও নবজাতককে তারা সার্বক্ষণিক পরিচর্যায় রেখেছেন। তারা সুস্থ আছেন।