রূপগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় যুবকের হাত-পা বাঁধা লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন ভুইয়া বলেন, উপজেলার আমলাবো এলাকায় পাশর্^বর্তী ডেমরা থানার রানীমহল এলাকার সাত্তার মিয়া নামে এক ব্যক্তির একটি ভাটা রয়েছে। ইটভাটাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ইটভাটাটিতে দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। এ সময় স্থানীয়রা ইটভাটাটির পরিত্যক্ত অফিস কক্ষে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়। ইটভাটাটি এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশেই অবস্থিত।

 ১০/১৫ দিন আগে ওই যুবককে হত্যার পর এই ইটভাটার অফিস কক্ষে ফেলে রেখে যাওয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে। বাকিটা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে।