মাঠে আপাতত খেলা না থাকায় জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরে গেলেন ডেনমার্কে। পরিবারের সঙ্গে সময় কাটাতে সোমবার রাতে ঢাকা ছাড়েন জামাল।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের মিশন শেষ করে এ মাসের শুরুতে ঢাকায় ফেরেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল। এরপর যোগ দেন তার ক্লাব সাইফ স্পোর্টিংয়ে। যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য অনুশীলন শুরু করেছিল।
তবে করোনার জন্য সোমবার থেকে দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ চলছে। এই সময়ে বাফুফে প্রিমিয়ার লিগসহ সব ধরনের ফুটবল স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে।
সাত দিনের কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার পর আরো সাত দিন সময় নিয়ে বাফুফে ঘরোয়া ফুটবল আসরগুলো শুরুর কথা জানিয়েছে। তাই এই সময়ের জন্য জামাল ছুটির আবেদন করেন ক্লাব বরাবর। যা মঞ্জুরও করেছে তার ক্লাব।
সাইফ স্পোর্টিংয়ের ম্যানেজিং ডিরেক্টর নাসিরউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই জামাল তার পরিবারের থেকে দূরে রয়েছে। কলকাতা মোহামেডান ও পরে জাতীয় দলের হয়ে খেলায় ব্যস্ত ছিলেন। এই সময়টা সে পরিবার থেকে দূরে। যেহেতু লিগ পেছানো হয়েছে, আমরা ওর ছুটির আবেদন মঞ্জুর করেছি।’