মুন্সীগঞ্জে আকস্মিক গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর উপকণ্ঠ মুন্সীগঞ্জ শহর ও শহরতলিতে আকস্মিক গতকাল মঙ্গলবার দিনভর গ্যাস সরবরাহ বন্ধ ছিল। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কোনো প্রকার নোটিস ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েন গ্রাহকরা। ভোর থেকেই শহর-শহরতলির বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস না থাকায় দিশেহারা হয়ে পড়েন গৃহিণীরা। বাসাবাড়িতে রান্নার কাজে বিড়ম্বনার কবলে পড়তে হয় সবাইকে।

সরেজমিন দেখা গেছে, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত হাতেগোনা কিছুসংখ্যক বাসাবাড়িতে সামান্য গ্যাস সরবরাহ পাওয়া যায়। এ সময় গ্যাসের চুলোয় টিমটিম আলোতে সকালের নাশতা-রান্নার কাজ সারতে পেরেছেন তারা। তবে অধিকাংশ বাসাবাড়িতে ভোর থেকেই রান্নার কাজ করা যায়নি। এরপর সকাল ৯টার পর থেকে শহর-শহরতলির সর্বত্র পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

শহরের শ্রীপল্লী এলাকার সাজ্জাদ হোসেন বলেন, সকালে ঘুম থেকে জেগেই মায়ের কাছে নাশতা চাইলাম। মা বললেন, গ্যাস নেই, নাশতা তৈরি করা যায়নি। অগত্যা বাইরে থেকে বেকারির পাউরুটি কিনে এনে সকালের নাশতা সেরেছি। কিন্তু দুপুরের খাবার আর খাওয়া হয়নি।

শহরের খালইস্ট এলাকার গৃহিণী সানজানা আক্তার রাত্রি বলেন, নাশতা আর দুপুরের খাবার রান্না করতে হয়েছে কেরোসিনের চুলোয়।

মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গুদনাইল এলাকায় তিতাস গ্যাসের বাল্ব নষ্ট হয়ে গেছে। সেই বাল্ব মেরামতের কাজ চলছে। এতে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধের ব্যাপারে নোটিস করা হয়নি। তবে সঞ্চালন লাইনের বাল্ব মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। রাত ৮টার মধ্যে মেরামত কাজ শেষ করা সম্ভব হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।