‘১৬ দিন ধরে আইসিইউতে। ১৪ দিনে আব্বু কোনো কথা বলেননি। হালকা হাত-পা নাড়াচ্ছেন, কিন্তু কোনো কথাই বলছেন না। চোখ মেলেও তাকাচ্ছেন না। আব্বু অচেতন হয়ে আছেন’ কথাগুলো বললেন বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের ছেলে শরৎ। তিনি আরও বললেন, ‘মার্চের ১৬ তারিখে আব্বুর একটা খিঁচুনি হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে আবার খিঁচুনি হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করলে আব্বুর মস্তিষ্কে সমস্যা ধরা পড়েছে। এরপরও মোটামুটি একটু ভালো ছিল। মুভমেন্ট কম হলেও করত, কথা কম বলত। এ অবস্থায় ১৮ মার্চ আব্বুকে কেবিনে নেওয়া হয়। তিন দিন পর ২১ মার্চ থেকে আব্বু অচেতন হতে থাকেন। ২৩ মার্চ থেকে সেন্স পুরোপুরি চলে যায়। এরপর আর কোনো নড়াচড়া করেননি। রক্তচাপও কমে যায়। আবার তাকে আইসিইউতে নেওয়া হয়। এবার চিকিৎসকরা আব্বুর মস্তিষ্কের নার্ভে এক ধরনের খারাপ জীবাণুর সন্ধান পান। একই সময়ে রক্তে দুটি সংক্রমণের খবরও পান। সেই থেকে এখনো আইসিইউতে।’
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মাসের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে।