লালমনিরহাটে জামায়াত-হেফাজতের ৯ নেতাকর্মী আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গোপন বৈঠকের সময় জামায়াত ও হেফাজতের ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।    

আটকরা হলেন- কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক (৫৫), একই গ্রামের জামায়াত সদস্য শাহীন ইসলাম (৩৭), আবুবক্কর (৭০) ও নজরুল ইসলাম (৫৮) এবং হেফাজত নেতা ফুয়াদ হোসেন (৪৩), সাবু মিয়া (৫০), বৈরাতি গ্রামের শহিদুল ইসলাম (৪০), হেফাজত সদস্য ফরিদুল ইসলাম (৩০) ও জামির বাড়ি গ্রামের হেফাজত সদস্য আবু সাঈদ (২৬)।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম মুন্সির বাজার এলাকার আবু বক্কর নামের এক জামায়াতকর্মীর বাড়িতে গোপন বৈঠক করছিলেন জামায়াত ও হেফাজতের কয়েকজন নেতাকর্মী।

এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতেই ওই বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হকসহ নয়জনকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।