চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ নবী (৭০) নামে এক ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা নিহতের স্ত্রী-শ্যালিকাসহ আরও ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হিজলগাড়ি এলাকার একটি ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ইউসুফ নবী দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত রববুল হোসেনের ছেলে। আহতরা হলেন- নিহত বৃদ্ধের স্ত্রী মনজুরা খাতুন (৬০), তার শ্যালিকা ফাহিমা খাতুন (৪০) ও নাতনী হাজিরা খাতুন (৭) ও জনৈক পাখিভ্যান চালক (৪০)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে হিজলগাড়ি ইটভাটার সামনে একটি পাখিভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে পাখিভ্যানটি উল্টে যাত্রীরা ছিটকে রাস্তার উপর পড়েন।
এ সময় স্থানীয়রা মাইক্রবাসটিকে আটক করে। পরে ওই মাইক্রোবাসে করে আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহেতর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।