বাড়িতে বসে অফিসের কাজ সফল করতে

করোনা প্রকোপে সংক্রমণ এড়াতে অনেক অফিস ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ দিচ্ছে। তবে বাড়িতে বসে কাজ মানেই ইচ্ছেমতো চলা এমন নয়। এ ক্ষেত্রেও মেনে চলতে হবে কিছু নিয়ম কাজের সময় বাড়ির পোশাক নয়  : ওয়ার্ক ফ্রম হোমে বাড়ির পোশাক পরে কাজ করা উচিত নয়। বরং অফিসে যাওয়ায় সময় যেভাবে তৈরি হতেন সেভাবেই তৈরি হয়ে কাজে বসুন। এতে কাজে ভালো মন বসবে এবং ভিডিও কলে অফিসের মিটিংয়ের সময় আপনার প্রতি বাকিদের ধারণাও ভালো হবে।

স্বাস্থ্যের প্রতি অবহেলা নয় : বাড়ি থেকে অফিস মানে অসময়ে গোসল-খাওয়া নয়। শরীর ঠিক রাখতে সময়মতো ব্রেকফাস্ট, গোসল, লাঞ্চ করুন। সারা দিন বসে কাজ করার ফলে পিঠ-ঘাড়-কোমরে ব্যথা হতে পারে, তাই নিয়মিত শরীরচর্চা করুন।

সোফা কিংবা বিছানায় বসে কাজ নয় : ওয়ার্ক ফ্রম হোমে অনেকেই ল্যাপটপ নিয়ে সোফা কিংবা বিছানায় শুয়ে-বসে কাজ করেন। অথচ বিছানা বা সোফায় বসে কাজ করলে আলসেমি, ক্লান্তি বা ঘুম আসতে পারে, সঙ্গে কাজ থেকে মনোযোগ চলে যেতে পারে। এছাড়া এভাবে দীর্ঘ সময় কাজ করলে ঘাড়, মাথা, কোমরে ব্যথা হয় দ্রুত। তাই টেবিল চেয়ারে বসে কাজ করাই সবচেয়ে ভালো উপায়।

দক্ষতা বাড়ান : নিজেকে প্রতি মুহূর্তে আপডেট রাখা খুবই জরুরি বর্তমান সময়ে। তাই কীভাবে আরও নানা বিষয়ে নিজের জ্ঞান বাড়ানো যায় সেদিকে নজর দিন। কাজের ফাঁকে সময় করে অনলাইনে নিজের পছন্দসই অথবা কাজে লাগবে এমন কোর্স করতে পারেন।

দলের সঙ্গে যোগাযোগ রাখুন : দলের সঙ্গে কখনো যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না। ফোন, মেসেজ কিংবা ভিডিও কলের মাধ্যমে দলের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখুন। অফিসের মিটিংয়ে অংশগ্রহণ করুন। তাহলে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, সঙ্গে কাজও ভালো হবে।