ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে আইপিএলের করোনাযুদ্ধ

মুম্বাইয়ে ক্যাম্প শেষে চেন্নাইয়ে ম্যাচ খেলতে গেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ওয়েন মরগ্যান-সাকিব আল হাসানদের শরীর ঢাকা পিপিইতে। প্রশ্নটা তাই স্বাভাবিক ৪ এপ্রিল থেকে প্রতিদিন ১০ লাখেরও বেশি নতুন কভিড-১৯ আক্রান্তের ভারত এই মুহূর্তে আইপিএল আয়োজনে প্রস্তুত কিনা। গতবার এই মরণঘাতী ভাইরাসের প্রথম টেউয়ের কারণে শূন্য স্টেডিয়ামে বিশ্বের সেরা ক্রিকেট লিগ আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরাত। দিল্লিকে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ মাসের মধ্যে সেই দলটি তাদের নিজেদের মাঠে ম্যাচ খেলতে পারবে না করোনা সংক্রমণের কারণে। আজ বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে উদ্বোধনী ম্যাচ তাদের চেন্নাইয়ে। কোনো দলই তাদের হোম ভেন্যুতে ম্যাচ খেলতে পারবে না। এভাবে ৮ দল ৬০টি ম্যাচ খেলে আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩০ মে’র ফাইনাল লড়বে।

সাকিব আর মোস্তাফিজ

কেকেআরের হয়ে এবারের আইপিএল খেলছেন সাকিব আল হাসান। পেসার মোস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সাকিব এবারের আইপিএলে একই ম্যাচে সেঞ্চুরি আর ৫ উইকেট নিতে চান। মোস্তাফিজ তেমন কোনো ঘোষণা দেননি। পরশু নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে সাকিবের কলকাতা। মূল লড়াইয়ে নামার আগে কেকেআরের হয়ে তিনটি অনুশীলন ম্যাচ খেলেছেন সাকিব। শেষ ম্যাচে ৪ ওভারে ৮ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন তিনি। মোস্তাফিজের রাজস্থান ১২ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। নিউজিল্যান্ড সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই ভারতে চলে যাওয়া ফিজ কোয়ারেন্টাইনে আছেন।

আইপিএলের জন্য বোর্ডের প্রস্তুতি

ভারতীয় বোর্ড প্রতিটি বিমানবন্দরে খেলোয়াড়-কর্মকর্তাদের জন্য আলাদা চেক-ইন কাউন্টার করেছে। এতে জৈব সুরক্ষা বলয় নিরাপদে থাকবে। কিরণ মোরে পজিটিভ হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। চেন্নাই থেকে বিমান ধরার সময় তিনি নেগেটিভ ছিলেন। কিন্তু জৈব সুরক্ষা বলয়ে ঢোকার পাঁচ দিন পরে তার রিপোর্ট পজিটিভ আসে। ধারণা করা হচ্ছে, বিমানবন্দর থেকেই আক্রান্ত হয়েছেন তিনি। প্রতিটি দলকেই অন্তত তিনবার বিমান ভ্রমণ করতে হবে। তা ছাড়া প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে। জৈব সুরক্ষা বলয়ে থাকা কেউ মাস্ক ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের জন্য আলাদা জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ব্লুটুথ যন্ত্র। কোনো ক্রিকেটার বা কর্মী কোনো পজিটিভ ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে এলে তাকে সাত দিন আইসোলেশনে থাকতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দুটি নেগেটিভ ফলের পরে অনুশীলনের অনুমতি দেওয়া হবে।

আরসিবির সমর্থক বোল্ট

নিজের ইনস্টাগ্রামে আরসিবির জার্সি পরে ছবি পোস্ট করেছেন ইতিহাসের অন্যতম সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট। প্রত্যুত্তর দিয়েছেন বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। চিরপরিচিত তীর ছোড়ার ভঙ্গিতে আরসিবির জার্সি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বোল্টকে। সেই ছবি পোস্ট করে জ্যামাইকান কিংবদন্তি লিখেছেন ‘চ্যালেঞ্জার্স, তোমাদের মনে করিয়ে দিতে চাই, আমিই এখনো বিশ্বের দ্রুততম মানুষ।’ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন কোহলি। লিখেছেন, ‘কোনো সন্দেহ নেই এটা নিয়ে এবং এ কারণেই আমরা তোমাকে দলে নিয়েছি।’ ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘যখন আমাদের অতিরিক্ত কিছু রান দরকার পড়বে, তখন কাকে ডাকতে হবে সেটা আমরা জানি।’  স্কুলে থাকার সময় অল্পবিস্তর ক্রিকেট খেলেছেন বোল্ট। কিন্তু জার্সি পরার কারণ ভিন্ন। এক জার্মান পোশাক তৈরির সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরসিবি। সেই সংস্থারই দূত বোল্ট। সংস্থাটির উদ্যোগেই আরসিবির জার্সি পরে পোজ দিয়েছেন বোল্ট।

ধোনির শেষ আইপিএল!

এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? ভারতের সাবেক অধিনায়ক যদিও বলেছেন, ‘একেবারেই নয়।’ সিএসকের কর্তারা তেমন ইঙ্গিতই দিয়েছেন। কাশী বিশ্বনাথন নামে এক কর্মকর্তা বলেছেন, ‘মনে হয় না এটাই ধোনির শেষ বছর। যদিও এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু নেতৃত্বের জন্য ওকে ছাড়া কারও কথা আমরা ভাবছি না।’ ২০০৮ সালে শুরু করার পর থেকে আইপিএলে চেন্নাইয়ের নেতৃত্ব দিচ্ছেন ধোনি। মাঝে ২০১৬ এবং ২০১৭-য় সিএসকে নির্বাসিত থাকায় পুনে সুপার জায়েন্টের হয়ে আইপিএল খেলেছিলেন ধোনি।

আইপিএল নিয়ে আফ্রিদি

আইপিএল খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ছিলেন না দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ডেভিড মিলার এবং কাগিসো রাবাদাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এটা দেখে দুঃখ প্রকাশ করেছেন শহিদ আফ্রিদি।  টুইটারে নিজের দুঃখের কথা জানিয়ে বলেছেন, ‘দুঃখ হচ্ছে দেখে যে আইপিএল এখন আন্তর্জাতিক ক্রিকেটকে প্রভাবিত করছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা কেন একটা সিরিজের মাঝপথে তাদের খেলোয়াড়দের আইপিএলে যাওয়ার জন্য ছেড়ে দিল, সেটা দেখে খুব বিস্মিত হয়েছি। পুরো ব্যাপারটা নিয়ে নতুন করে চিন্তাভাবনার সময় এসেছে।’