সারা দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও দিনাজপুরের হাকিমপুরের হিলিতে টিসিবির পণ্য বিক্রিতে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। সকাল থেকে দীর্ঘ লাইনে শরীরের সঙ্গে শরীর লাগিয়ে দাঁড়িয়ে মানুষ পণ্য ক্রয় করছেন। এতে করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিন হিলি বাজারে টিসিবির ডিলারের ঘর ঘুরে দেখা গেছে, পণ্য কিনতে দীর্ঘ লাইনে নারী-পুরুষরা আলাদা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একে অন্যের গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেক ক্রেতারই মুখে মাস্ক নেই। এমনকি বিক্রেতার মুখেও অনেক সময় মাস্ক দেখা যায়নি।
পণ্য কিনতে আসা নুর বানু বলেন, বাজারে তেলসহ অন্যান্য পণ্যের দাম বেশি হওয়ায় খানিকটা কম দামের আশায় টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছি। আমি তো মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনেই লাইনে দাঁড়িয়েছি। কিন্তু আমার পেছনে যারা লাইনে দাঁড়িয়েছে তারা তো কেউ সামাজিক দূরত্ব মানছে না। গায়ের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়েছে।
হিলি বাজারে টিসিবির ডিলার আলম হোসেন বলেন, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রি করছি। পণ্য ক্রয় করতে আসা সবাইকে মাস্ক ব্যবহার করতে বলছি ও তিন ফুট দূরত্ব রেখে লাইনে দাঁড়াতে বলছি। কিন্তু মানুষ কথা শুনছে না। আমরা আর কী করতে পারি। তারপরও যথাসাধ্য আমরা সবকিছু মেনে চলার ও ক্রেতাদের সরকারি নির্দেশনা মেনে চলতে বলছি।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে, প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত সাত দিনের লকডাউন চলছে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহারে বাধ্য করতে ও লকডাউন মেনে চলতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। টিসিবির পণ্য ক্রয়-বিক্রয়ে যেন স্বাস্থ্যবিধিসহ অন্যান্য সব ধরনের নির্দেশনা মানা হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।