পাকিস্তানের সামনে ইনজুরিগ্রস্ত প্রোটিয়ারা

জোহানেসবার্গে আজ শুরু হচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ জেতার পর আত্মবিশ্বাসী বাবর আজমের দল। অন্যদিকে ইনজুরি সমস্যায় জর্জরিত স্বাগতিকরা।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না টেম্বা টাইবু। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন হেনরিচ ক্লাসেন। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েন বাভুমা। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার বলেছেন, ‘ইনজুরির পর তাকে যেভাবে হাঁটতে দেখেছিলাম তখনই মনে হয়েছিল খুব খারাপ কিছু ঘটেছে।’ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ওপেনার রেজা হেনড্রিকসকে পাচ্ছে না প্রোটিয়ারা। প্রথম সন্তানের জন্মের কারণে তিনি ছুটি নিয়েছেন। তার জায়গায় আজ স্বাগতিক দলের হয়ে ওপেন করবেন এইডেন মার্করাম। ইনজুরির কারণে খেলতে পারবেন না বোলিং অলরাউন্ডার ডাউইন প্রিটরিয়াস। এ ছাড়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকেই আইপিএল খেলার জন্য দেশ ছেড়েছেন কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা এবং ডেভিড মুলারের মতো ক্রিকেটাররা। সে কারণেই কাগজে-কলমে দ্বিতীয় সারির দলে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ফখর জামান আগুনে ফর্ম নিয়ে টি-টোয়েন্টি দলে ঢুকেছেন। বাবর আজমরাও দারুণ ফর্মে আছেন। সব মিলিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান আজ জিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু করার জন্য মুখিয়ে আছে।