লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পশ্চিম বাজারে আগুন লেগে পুড়ে গেছে ১০টি দোকান। ব্যবসায়ীদের দাবি, আগুনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে চন্দ্রগঞ্জ বাজারে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে যায় আদর্শ লাইব্রেরি, অভিরুচি সুইটস, শিউলি মেডিকেল, হারুন স্টোর ও পত্রিকার এজেন্ট আলাউদ্দিন স্টোরসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।