করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। মাত্র চারদিন আগেই যে সিরিজটি ৬দিন পেছানোর সিদ্ধান্ত হয়েছিল।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সপ্তাহে বাংলাদেশ সরকার দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারির পর বাংলাদেশ ও পাকিস্তানের যুবাদের সিরিজ পেছানোর সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আলোচনার মাধ্যমে নতুন সূচি নির্ধারন করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৭ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের।
কিন্তু আগামী বুধবার থেকে এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। তাই সিরিজটি স্থগিত করতে বাধ্য হয়েছে দুই দেশের বোর্ড।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন সাংবাদিকদের বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। যেকোনো একটা সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করার পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই কথাবার্তা হচ্ছে। যখনই একটা আন্তর্জাতিক দলকে হোস্ট করার মতো পরিস্থিতি অনুকূলে মনে করব, তখনই আমরা করে ফেলব।’
প্রথমে যে সূচি ছিল তাতে একটি চারদিনের এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলতে ১১ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুব দলের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২০ সালের শুরুতে আকবর আলী, পারভেজ হোসেন ইমনরা দেশকে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতান। সেই দলটি বিশ্বকাপের আগে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ খেলে নিজেদের তৈরি করেছিল।
২০২২ যুব বিশ্বকাপটা বাংলাদেশের জন্য হবে শিরোপা ধরে রাখার আসর। যে মঞ্চের জন্য তৈরি করা হচ্ছে আকবরদের উত্তরসূরিদের। কিন্তু বাংলাদেশের নতুন যুব দলটা করোনার প্রকোপে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশই নিতে পারছে না।
মাঝে আফগানিস্তান যুবাদের বিপক্ষে খেলতে ভারত সফরের কথা থাকলেও সেটি স্থগিত হয়। এবার ঘরের মাঠে পাকিস্তান সিরিজও স্থগিত হলো। এদিকে বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনিং ক্যাম্পও বন্ধ ঘোষণা করা হয়েছে।