সিরাজগঞ্জের কামারখন্দে গ্রাম্য মাতব্বরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। যশোরে ছেলের লাঠির আঘাতে নিহত হয়েছেন বাবা। এ ছাড়া চট্টগ্রামের সীতাকু- ও সাতক্ষীরা থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের স্বল্প মাহমুদপুর গ্রামের গ্রাম্য মাতব্বর খোকা শেখকে (৭০) দুর্বৃত্তরা গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তিনি ওই গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠা-ু বলেন, খোকা শেখ মাতব্বর। গ্রামের মসজিদে এশার নামাজ শেষে স্থানীয় বাজারে চা খাওয়ার জন্য যান। সেখানে চা খেয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিতে হামলা চালায়।
যশোর : ছেলের লাঠির আঘাতে সরোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছেলে নয়ন হোসেনকে (২৫) আটক করেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া কালীবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার হোসেন ওই এলাকার আমজেদ হোসেনের ছেলে।
সীতাকুন্ডু : প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী জয়নাল আবেদীন কালামিয়াকে (৩৭) হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে (৩৩) আটক করেছে সীতাকুন্ডু থানার পুলিশ। গতকাল শনিবার সকালে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে স্বামীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্ত্রীর প্রেমিক কাইয়ুমের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ।
সাতক্ষীরা : শহরতলির কাশেমপুর মালিপাড়া এলাকায় ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। নিহত ইজিবাইক চালক সালাউদ্দিন আহমেদের (১৬) বাবা শাজাহান আলী ওরফে বাবু জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু সালাউদ্দিন আহমেদের ঘরে ঢোকে। একপর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।