দ্বিতীয় ডোজের টিকা নিলেন ১ লাখের বেশি মানুষ

করোনাভাইরাসের বিস্তাররোধে প্রথম ডোজের টিকার পর গত ৮ এপ্রিল থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি। গতকাল শনিবার এক দিনে এক লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। একই সঙ্গে প্রথম ডোজেরও টিকা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল দ্বিতীয় ডোজের করোনার টিকা নিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭০৩ জন। তাদের মধ্যে পুরুষ ৯৬ হাজার ৫৬৯ জন, নারী ৪০ হাজার ১৪৪ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের সর্বমোট টিকা নিয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬ জন। এরমধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮৭ জন পুরুষ, ৬০ হাজার ৯৩৯ জন নারী। এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২ জনের।

প্রথম ডোজের টিকা কমে ১৯ হাজারে : দ্বিতীয় ডোজের মধ্যেও প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। গতকাল প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৯ হাজার ৯৪৩ জন। এর মধ্যে ১২ হাজার ৩১১ জন পুরুষ, ৭ হাজার ৬৩২ জন নারী। এদের মধ্যে মাত্র দু’জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন।