অকালে চলে গেলেন নিকি গ্রাহাম
‘বিগ ব্রাদার’ তারকা নিকি গ্রাহাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। গত মাসে তিনি ইটিং ডিজঅর্ডারের কারণে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। বিবিসির এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রাহামের ম্যানেজার নিশ্চিত করেছেন শুক্রবার সকালে মৃত্যু হয়েছে এই তারকার। ২০০৬ সালে ‘বিগ ব্রাদার’র সপ্তম সিরিজে অংশ নিয়েছিলেন নিকি গ্রাহাম। ‘বিগ ব্রাদার’র সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগীদের একজন ছিলেন তিনি। বাদ পড়ার চার সপ্তাহের মধ্যে দর্শকের ভোটে আবার তাকে ফিরিয়ে আনা হয়েছিল। ‘বিগ ব্রাদার’-এ পঞ্চম স্থান লাভ করেছিলেন তিনি।
দোয়া চাইলেন আলিয়া ভাট
বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট। নিজের জন্মদিনের দিন কয়েক পরেই করোনা আক্রান্ত হন তিনি। এর আগে প্রেমিক রণবীর কাপুর এবং তার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালীও করোনা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, তাদের সংস্পর্শে গিয়েই আক্রান্ত হয়েছেন আলিয়া। তবে সম্প্রতি নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের জানিয়েছেন এই তারকা। হোম আইসোলেশনে থাকা নিজের বেশ কয়েকটি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাই জানেন, আমি করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে। ডাক্তারের কথামতো সব নিয়মকানুন মেনে চলছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা প্রার্থনা করুন আমি যেন তাড়াতাড়ি করোনামুক্ত হই।’