‘জমি লিখে না দেওয়ায়’ বাবাকে পিটিয়ে হাত ভাঙলেন দুই ছেলে

জমি লিখে না দেওয়ায় নিজের বাবাকে ঘরে আটকে ঘণ্টাব্যাপী পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন দুই ছেলে। অসহায় ওই বাবার নাম ইয়াকুব মালিথা (৬৫)।

রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীননগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইয়াকুব মালিথাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ইয়াকুব মালিথার চার স্ত্রী। চতুর্থ স্ত্রী ও তার ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন তিনি। ২ মাস আগে সড়ক দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায়। চিকিৎসা শেষে রোববার বাড়ি আসার পর প্রথম পক্ষের স্ত্রীর দুই ছেলে স্ট্যাম্প নিয়ে জমিজমা ও বসতবাড়ি লিখে দিতে বলেন বাবাকে। বৃদ্ধ ইয়াকুব এই মুহূর্তে জমি দিতে অস্বীকৃতি জানালে তর্কবিতর্কের সৃষ্টি হয়। পরে দুই ছেলে জাহিরুল ও সাদিমান একটি ঘরে বাবা ইয়াকুব মালিথার হাত-পা বেঁধে নির্যাতন করে। কাঠ দিয়ে ও ধারালো অস্ত্রের উল্টো পিঠ দিতে বাবাকে পিটিয়ে জখম করেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ ইয়াকুব মালিথা জানান, নিজেকে ওই দুই ছেলের বাবা বলে পরিচয় দিতেও ঘৃণা করছে আমার। যাদের কষ্ট করে মানুষ করেছি; তারাই আজ সম্পত্তি লিখে না দেওয়ায় নির্মম নির্যাতন করেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহানা আহমেদ বলেন, ইয়াকুব মালিথার অবস্থা শঙ্কামুক্ত। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। এছাড়াও ডান হাত ভেঙে গেছে।

চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।