চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমদাদুলকে পিটিয়ে হত্যা করেছে এক যুবক। নিহতের মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। হত্যার সাথে জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার নওদাবণ্ডবিল গ্রামের নতুন বাসস্ট্যান্ড পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক (২২) আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে।
আটক নাইস খন্দকার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মজনু খন্দকারের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, বুধবার রাতে নাইস খন্দকার ও ইমদাদুল হক মিলে নওদাপণ্ডবিল এলাকার নতুন বাসস্ট্যান্ডে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় নাইস ইমদাদুলকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য ও কটুক্তি করে। এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ইমদাদুল বিষয়টি নাইসের মাকে জানায়। এতে নাইস ক্ষিপ্ত হয়ে বাটাম দিয়ে ইমদাদুলের মাথায ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত ও জখম করে। পরে ইমদাদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। হত্যার সাথে জড়িত যুবককে আটক করা হয়েছে।