নারায়ণগঞ্জে আবাসিক ভবনের ৮ তলায় রান্না ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুনে ২ জন দগ্ধ হয়েছে। আগুনে তাদের শরীরের অনেকাংশ ঝলসে গেছে। রোববার রাত সোয়া ১১টায় শহরের চাষাড়া প্রেসিডেন্ট রোডে জিএম গার্ডেন নামের বহুতল ভবনে ওই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- উজ্জ্বল হোসেন (২৬) ও মানিক মিয়া (৩৫)। তাদের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও ভবন মালিক সূত্রে জানা গেছে, জিএম গার্ডেনের ৮ তলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের যে কোনো অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়।
ভবনের প্রহরী মোহাম্মদ আলী জানান, ৮ তলায় গ্যাসের লাইনে সমস্যা ছিল। এ জন্য একটা মিস্ত্রি এসে সেটা মেরামত করে। একপর্যায়ে দুইজন নিচে নেমে যায়। তখন রান্না ঘরের দরজা জানালা বন্ধ ছিলেন। পরে আবার দুইজন সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ফলে তাদের শরীর ঝলসে যায়।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, আহত দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।