বাবুইয়ের বাসা ভাঙা ও ছানা নিধনের দায়ে ৩ জনের কারাদণ্ড

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার কৃষক লুৎফর রহমান, সুনীল ব্যাপারী ও সুনীল মিস্ত্রি।

সোমবার দুপুরে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

অশোক কুমার চাকমা জানান, বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, সুনীল ব্যাপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রিকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ইন্দুরকানি থানার ওসি হ‌ুমায়ূন কবির জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।