মান্নাকে নিয়ে ইমরানের গান

তুমুল জনপ্রিয়তা নিয়ে অকালে পরপারে পাড়ি জমান চিত্রনায়ক মান্না। তাকে বলা হয় গণমানুষের নায়ক। প্রয়াত হলেও তাকে আজও ভোলেনি সিনেমাপ্রেমীরা। এই চিত্রতারকাকে নিয়ে গাইলেন এই সময়ের জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল। প্রয়াত এই অভিনেতার জন্মদিন উপলক্ষে আগামীকাল পহেলা বৈশাখেই গানটি প্রকাশ হবে নায়ক মান্নার নিজ হাতে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেইসবুক পেজে। ‘স্বপ্ন ছিল তার হব পর্দার নায়ক’ শিরোনামের গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। সুর করেছেন পূলক অধিকারী, সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান। গানটির সার্বিক সমন্বয় করেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। মিউজিক ভিডিও করেছেন বিখ্যাত নৃত্য পরিচালক মাসুম বাবুল। উচ্ছ্বসিত ইমরান বলেন, নায়ক মান্নার অনেক বড় ভক্ত আমি। আমার আক্ষেপ ছিল মান্না ভাইয়ের লিপে আমি গাইতে পারলাম না। সেই আক্ষেপের কিছুটা হলেও কমল মান্না ভাইকে নিয়ে গানটি গাইতে পেরে। এই প্রজেক্টের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’ কবির বকুল বলেন, ‘গানটি লিখতে প্রায় দুই মাস লেগেছে। কারণ, এটি আমার কাছে অনেক স্পেশাল। আমি সৌভাগ্যবান, মান্না ভাইয়ের ক্যারিয়ারের বেশির ভাগ হিট গান আমার লেখা। সেই দায়বদ্ধতা থেকে আমি গানটি লিখি। আশাকরি, গানটি হিট হবে। মানুষের মুখে মুখে গানটি থাকবে।’