পাঁচজনকে বাংলাদেশে রেখে চলে গেল দক্ষিণ আফ্রিকার মেয়েরা

দলের পাঁচ ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রেখেই দেশে ফিরে গেছে দক্ষিণ আফ্রিকা নারী দল। মঙ্গলবার ভোর চারটায় ১৭ জনের বহর রওনা দিয়েছে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।

বিসিবি জানিয়েছে, সফরের শেষ সময়ে এসে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন দলটির পাঁচ ক্রিকেটার। তারা আইসোলেশন শেষ করে তবেই বাংলাদেশ ছাড়তে পারবেন।

এমনিতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের দেশে ফেরার কথা ছিল ১৪ এপ্রিল। কিন্তু বাংলাদেশে এদিন থেকে কঠোর লকডাউনের ঘোষণা আসায় একদিন আগে অর্থাৎ ১৩ এপ্রিল সফরকারীদের পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ২৮ মার্চ ঢাকা আসে দক্ষিণ আফ্রিকা। সিরিজের একমাত্র ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ায় ওই দিনই ঢাকা থেকে তারা সরাসরি সিলেট যান।

আফ্রিকার নারী দল ওঠে সিলেটের পাঁচ তারকা মানের হোটেল রোজভিউয়ে। এ হোটেল ছাড়ার আগ মুহূর্তেই দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দল পেয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর।

গত ২৮ মার্চ সিলেটে প্রথম কভিড টেস্টে সবার রেজাল্ট নেগেটিভ আসে। এরপর ২৯-৩১ মার্চ এই তিন দিন তারা টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকেন। কোয়ারেন্টাইন শেষে ৩১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় দফার কভিড টেস্টেও তারা সবাই নেগেটিভ হন।

দুই দফা কভিড টেস্ট শেষে ১-৩ এপ্রিল পর্যন্ত অনুশীলন শেষে চারটি ওয়ানডে খেলে দুই দল। দুই ম্যাচ হাতে রেখেই এই সিরিজটি জেতে বাংলাদেশ নারী ইমার্জিং দল।