নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ মমতা

প্ররোচনামূলক মন্তব্য করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে আগামী ২৪ ঘণ্টা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত কোনো প্রচারণা করতে পারবেন না মমতা।

গত ৩ এপ্রিল তারকেশ্বরের জনসভায় মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সংখ্যালঘু ভাইবোনদের কাছে হাতজোড় করে একটা কথা বলব, বিজেপির টাকা নিয়ে ভোট দেবেন না। ওরা সাম্প্রদায়িক কথা বলে। বিজেপি টাকা নিয়ে বেরিয়েছে যাতে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায়। মনে রাখবেন, বিজেপি এলে দুর্ভোগ আপনাদের বেশি, এটা মাথায় রাখবেন।’

এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রীকে নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন।