রক্ত জমাট বাঁধা

যুক্তরাষ্ট্রে জনসনের টিকা স্থগিত

জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত এক ডোজের করোনাভাইরাসের টিকার ব্যবহার স্থগিত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্র্তৃপক্ষ। টিকাটি গ্রহণের পর রক্ত জমাট বাঁধার ঘটনা সামনে আসার পর এ আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে. আগাম সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফডিএ বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের ৬৮ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ছয়জনের রক্ত জমাট বাঁধার ঘটনা শনাক্ত হয়েছে। এর আগে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনেও রক্ত জমাট বাঁধার খবর পাওয়া যায়। আর সেই খবরের পরও টিকাটির ব্যবহার সীমিত হয়ে পড়ে। যে ছয়টি ঘটনা শনাক্ত করা হয়েছে তারা সবাই নারী। বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। টিকা গ্রহণের ৬ থেকে ১৩ দিন পর তাদের রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দিয়েছে। এক কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এক নারীর মৃত্যু হয়েছে আর দ্বিতীয় আরেক নারীর অবস্থা গুরুতর।

নিয়ন্ত্রক সংস্থা এফডিএর একাধিক টুইট বার্তায় জানানো হয়েছে, দেশটির রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং তারা মিলে মোট ছয়টি ঘটনা পর্যবেক্ষণ করছে। এসব ঘটনায় টিকাটি গ্রহণের পর বিরল এবং মারাত্মক ধরনের রক্ত জমাট বেঁধে যেতে দেখা গেছে। এই মুহূর্তে এসব বিরূপ প্রতিক্রিয়া চরম বিরল বলে দেখা যাচ্ছে। টুইট বার্তায় বলা হয়েছে, ‘আগাম সতর্কতা হিসেবে আমাদের সুপারিশ হলো টিকাটি ব্যবহার স্থগিত রাখা হোক।’

এফডিএ এবং সিডিসির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রক্ত জমাট বাঁধার এ ঘটনাটি হলো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রমবোসিস বা সিভিএসটি। মস্তিষ্ক থেকে পরিবহনের নালিতে রক্ত জমাট বাঁধার ঘটনা বোঝাতে এ টার্মটি ব্যবহার করা হয়ে থাকে।