করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি টিকা নেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল টিকার দ্বিতীয় ডোজ নেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি একই হাসপাতালে তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।
এদিকে গতকাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। গত ৮ এপ্রিল দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়।
একদিনে দ্বিতীয় ডোজের টিকা নিলেন ২ লাখের বেশি মানুষ : করোনাভাইরাসের বিস্তাররোধে প্রথম ডোজের টিকার পর গত ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত সাত লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গতকাল মঙ্গলবার একদিনে দুই লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। একই সঙ্গে প্রথম ডোজেরও টিকা দেওয়া হচ্ছে।
গতকাল একদিনে দ্বিতীয় ডোজের করোনার টিকা নিয়েছেন ২ লাখ ১০ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৮৯৭ জন, নারী ৭১ হাজার ৬৮২ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ১৭৫ জন। এরমধ্যে ৫ লাখ ৩ হাজার ৮০১ জন পুরুষ, ২ লাখ ২৯ হাজার ৩৭৪ জন নারী।
এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৬১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭ জনের। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের ৪৭টি কেন্দ্রে টিকা নিয়েছেন ২৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে ২০ হাজার ২৭ জন পুরুষ ও ৯ হাজার ৫৩৩ জন নারী। সবচেয়ে বেশি ৩ হাজার ৬৪১ জন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৪১ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ১ হাজার ১৮৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১০৫ জন, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৩৪৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৫৮ হাজার ২৭৩ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া ময়মনসিংহে ৯ হাজার ৭৪৮ জন, চট্টগ্রামে ৪৭ হাজার ১৩৩ জন, রাজশাহীতে ২৩ হাজার ৭২৯ জন, রংপুরে ২১ হাজার ৬৮৯ জন, খুলনায় ২২ হাজার ৯০৪ জন, বরিশালে ৯ হাজার ৮৮ জন ও সিলেট বিভাগে ১৮ হাজার ১৫ জন টিকা নিয়েছেন।
প্রথম ডোজের টিকা নিলেন ২৬ হাজারের বেশি মানুষ : গতকাল প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৬ হাজার ৭৫০ জন। এর মধ্যে ১৬ হাজার ৩৪৬ জন পুরুষ, ১০ হাজার ৪০৪ জন নারী। আর এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জন। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৭০ লাখ ৭৮ হাজার ৭৮৩ জন।