করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের মতো মানিকগঞ্জে বুধবার ভোর থেকে কঠোর লকডাউন চলছে। মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া, মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরিতে পারাপার বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া ঘাট এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া, মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে দুই ঘাটেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল ১০টার দিকে পাটুরিয়া থেকে রজনীগন্ধা ফেরি দিয়ে ৬টি লাশবাহী অ্যাম্বুলেন্স পার করা হয়েছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার কন্ট্রোল রুমের সর্বশেষ খবর অনুযায়ী, বুধবার থেকে পুলিশের ‘মুভমেন্ট পাস’ থাকলে ব্যক্তিগত গাড়ি পাটুরিয়া প্রান্তে যেতে দেওয়া হচ্ছে। কিন্তু সব ধরনের যানবাহন ফেরি পারাপার বন্ধ রয়েছে। বুধবার দুপর ১২টার দিকে পাটুরিয়া প্রান্তে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক এবং শতাধিক ব্যক্তিগত যানবাহন আটকে রাখা হয়েছে। ফেরি বন্ধ থাকায় বিড়াম্বনার শিকার হচ্ছে রাতে আসা পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত প্রাইভেটকার ও মোটরসাইকেল আরোহীদের।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান আরো বলেন, আটকে থাকার জরুরি যানবাহন কর্তৃপক্ষের অনুমতি পেলে সিমীত আকারে দুটি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।