পাটুরিয়া-আরিচায় অতিরিক্ত ভাড়া নেয়ায় জরিমানা

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায়  ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন তারা। এই ভোগান্তি কমাতে মাঠে নেমেছে প্রশাসন। মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈমের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশ, শিবালয় থানা ও বরংগাইল হাইওয়ে পুলিশ অংশ নেয়।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে  কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত