সিপিডির প্রতিবেদন

কাজ হারিয়েছে ১৯ শতাংশ নারী গার্মেন্টসকর্মী

করোনাভাইরাসের প্রার্দুভাবে গত বছরের মার্চ-সেপ্টেম্বর সময়ে গার্মেন্টসের ১৯ শতাংশ নারী কাজ হারিয়েছেন। এছাড়া কর্মহীন হয়েছেন ৫৪ শতাংশ নারী গৃহকর্মী। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ‘সরকারের আর্থ-সামাজিক পুনরুদ্ধার ব্যবস্থা : নারীরা কতটা উপকৃত হয়েছে’ শীর্ষক আলোচনা সভায় প্রতিবেদনের তথ্য তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

এ সময় তিনি বলেন, করোনাভাইরাস গরিব এবং নিম্ন আয়ের নারীদের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। নারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও জানান, দেশের ৪৯ শতাংশ নারী লকডাউনকে অনিরাপদ মনে করেন। বাল্যবিবাহ বেড়েছে ৫৮ এবং অকালে গর্ভধারণ বেড়েছে ৩০ শতাংশ। গ্রামের মাত্র ২ শতাংশ শিশু অনলাইনে শিক্ষা প্রোগ্রাম দেখেছে। ২০২০ সালের মাচ-সেপ্টেম্বর সময়ে ৫৪ শতাংশ গৃহকর্মী কাজ হারিয়েছেন। এ সময় গার্মেন্টসের ১৯ শতাংশ নারীকর্মী চাকরি হারিয়েছেন।

সরকার ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যা জিডিপির ৪ দশমিক ৪৪ শতাংশ। ফাহমিদা খাতুন বলেন, এই প্রণোদনা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক ড. রওনক জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫৪ শতাংশ গৃহকর্মী ও ১৯ শতাংশ গার্মেন্টসকর্মী কাজ হারিয়েছে বলে উল্লেখ করেছেন। এরপর ৫-৬ মাস চলে গেছে। আমার ধারণা এ সময়ে অনেক পুনরুদ্ধার হয়েছে। এই পরিমাণ নারী কাজ হারিয়েছে এটা প্রমাণিত নয়। এ বিষয়ে আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঙ্গে বসব।

পরিকল্পনামন্ত্রী প্রশ্ন তোলার পর অধ্যাপক ড. রওনক জাহান বলেন, বেশিরভাগ গৃহকর্মী চাকরি হারানোর কারণ বেশিরভাগ মানুষ বাড়িতে লকডাউনে আছেন। অনেকে ভয় পাচ্ছেন গৃহকর্মীর কারণে কভিড বাড়িতে ঢুকে যাবে। গৃহকর্মীদের সুরক্ষা আমরা দিতে পারছি না। কারণ তারা পাঁচটা বাড়িতে কাজ করছে। এরা সব থেকে প্রান্তিক। এদের বাঁচিয়ে রাখতে সরকারের একটা দায়িত্ব আছে।

অতিমারীতে নারীদের বৈশ্বিক চিত্র তুলে ধরেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি শোকো ইশিকাওয়া। তিনি বলেন, এই সব প্যাকেজ নারীদের জন্য পর্যাপ্ত ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে হবে।