অবশেষে পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়াতে মালিকপক্ষের সুপারিশ প্রকাশ্যে আনলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মালিকদের প্রস্তাবের সঙ্গে শ্রমিকদের সর্বশেষ দাবির যথেষ্ট ফারাক রয়েছে উল্লেখে করে বোর্ড চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন, সুপারিশমালা চূড়ান্ত করার পর্যায়ে আসেনি। ঐকমত্যে পৌঁছাতে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে, মালিকদের দেওয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেও তিনি জানান।
গতকাল মঙ্গলবার বিকেলে মজুরি বোর্ড কার্যালয়ে শুরু হওয়া সভার বিরতির ফাঁকে বিকেল ৪টায় সৈয়দ আজাদ সুবহানী বলেন, তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে মালিকপক্ষ। শ্রমিকরা চেয়েছে ২২ হাজার টাকা।
বোর্ড চেয়ারম্যান বলেন, ‘এখনো চূড়ান্ত কিছু হয়নি। বাহ্যিক কোনো ডিস্টারবেন্স না হলে আজকের (গতকাল) মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। উভয় পক্ষকেই নিজ নিজ অবস্থান থেকে সরে আসতে হবে।’
তিনি বলেন, ‘নিম্নতম চতুর্থ গ্রেডে মালিকপক্ষ প্রথম প্রস্তাবে ১৫ হাজার টাকা করতে প্রস্তাব দিয়েছিল। দ্বিতীয় প্রস্তাবে ওই গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ প্রস্তাব এসেছে ১৫ হাজার ৭০০ টাকা।’
বোর্ড চেয়ারম্যান বলেন, ‘বৈশ্বিক বাজার পরিস্থিতি, শ্রমিকদের জীবনমান, তাদের ওপর নির্ভরশীল সদস্যের সংখ্যা এবং মালিকপক্ষের সক্ষমতা, ওভার-অল এ খাতের বর্তমান অবস্থা প্রভৃতি বিবেচনায় এবং আমি যেভাবে ফ্যাসিলিটেট করেছি ও আমাদের নিরপেক্ষ সদস্যসহ আমরা শ্রমিকপক্ষকে অনুরোধ করে সর্বশেষ যে প্রস্তাব পেয়েছি তা হলো : প্রথম গ্রেডে ৩৫ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৩০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ২৭ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডে ২২ হাজার টাকা করতে হবে।’
তিনি বলেন, অপরদিকে, মালিকপক্ষ তৃতীয় দফার প্রস্তাবে বিদ্যমান ১৫ হাজার ৫৩৫ টাকা (গ্রেড-১) থেকে বাড়িয়ে ১৮ হাজার ৮২৮ টাকা; ১৪ হাজার ২৭৩ টাকা (গ্রেড-২) থেকে বাড়িয়ে ১৭ হাজার ৮৮৭ টাকা; ১৩ হাজার ৫৫০ টাকা (গ্রেড-৩) থেকে বাড়িয়ে ১৬ হাজার ৯৯৬ টাকা, এবং ১২ হাজার ৫০০ টাকা (গ্রেড-৪) থেকে বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা করার কথা জানিয়েছে।
সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলোচনা করছি এবং আমি বলেছি এটি ফাইনাল নয়; কোনো অবস্থাতেই আমরা এটি গ্রহণ করতে পারছি না।’
রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মজুরি বোর্ডের সভা চলছিল।
উল্লেখ্য, ২০২৩ সালে বর্ধিত বেতন অনুযায়ী পোশাকশ্রমিকরা ৪র্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা পান। এই হিসাবে তিন বছর পর নতুন করে মালিকপক্ষের দেওয়া বেতন বৃদ্ধির প্রস্তাবে সর্বনিম্ন ১৫ হাজার ৭০০ টাকা হলে ওই গ্রেডে বেতন বাড়তে পারে ২৫ দশমিক ৭ শতাংশ।
গতকাল মজুরি বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধিরা মালিকদের এ প্রস্তাব গ্রহণ করেননি। মানতে নারাজ বোর্ড চেয়ারম্যানসহ অন্য কয়েকজন সদস্যও। তাই আলোচনা অব্যাহত রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বোর্ডপ্রধান সৈয়দ আজাদ সুবহানী। গতকাল দুপুর ২টায় ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
এর আগের দিন সোমবার অনুষ্ঠিত সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব পেশ করে। ওই প্রস্তাব নিয়ে দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত আলোচনা, যুক্তি ও পাল্টা যুক্তি চলে। দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে বোর্ড পর দিন (গতকাল) আবারও বৈঠক করতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়। গতকালকের সভায় ছয় সদস্যের বোর্ডে প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিনজন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘মালিকপক্ষ এবারে তিন দফা প্রস্তাব দিয়েছে। ১ম ও ২য় প্রস্তাবে আরও কম বেতন বৃদ্ধির কথা ছিল। আমরা তাদের তিনটি প্রস্তাবই ফিরিয়ে দিয়েছি।’
উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের একপর্যায়ে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। নবগঠিত বোর্ডপ্রধান দায়িত্ব পেয়েই গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেন। এরপর ধাপে ধাপে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। তারপরও কিছু কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ চলতে থাকে। গতকাল মজুরি বোর্ডে মালিকপক্ষের দেওয়া প্রস্তাব প্রকাশ পেলে নতুন করে আবারও শ্রমিক অসন্তোষ বাড়ে।
অস্থিরতার মধ্যেই গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সে হিসেবে গত ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা জানায় বিজিএমইএ। হঠাৎ ওই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। স্থগিত হওয়া ওই সভা চলতি সপ্তাহে সোমবারের পর মঙ্গলবারও ধারাবাহিকভাবে চলে।
সাংবাদিকদের সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২০২৩ সালের গেজেট অনুযায়ী বিদ্যমান মজুরি ১৫ হাজার ৫৩৫ টাকা (গ্রেড-১), ১৪ হাজার ২৭৩ টাকা (গ্রেড-২), ১৩ হাজার ৫৫০ টাকা (গ্রেড-৩) এবং ১২ হাজার ৫০০ টাকা (গ্রেড-৪)। এবারে শ্রমিক প্রতিনিধিদের প্রথমবার লিখিত মূল প্রস্তাবে ন্যূনতম বেতন বাড়িয়ে ৪৮ হাজার টাকা (গ্রেড-১), ৪৩ হাজার টাকা (গ্রেড-২), ৩৮ হাজার টাকা (গ্রেড-৩) এবং ৩২ হাজার টাকা (গ্রেড-৪) করার অনুরোধ ছিল।’