চট্টগ্রামের আনোয়ারায় রেজাউল করিম (৫৪) নামে এক ব্যাংক ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত রেজাউল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মৃত আবদুল মাবুদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রেজাউল ইসলামী ব্যাংক লিমিটেড সাতকানিয়া শাখার ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ব্যাংক থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে নগরীর বাসার দিকে রওনা হন। পথে আনোয়ারার পিএবি সড়কের কালাবিবি দীঘির মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা অটোরিকশাটির পথ রোধ করে। এরপর উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয়।