বোর্ডের বাৎসরিক চুক্তির তালিকায় (২০২০ অক্টোবর-২০২১ সেপ্টেম্বর) ‘বি’ গ্রেড (৩ কোটি রুপি) থেকে ‘এ’ গ্রেডে (৫ কোটি রুপি) উঠে এসেছেন ভারতের সব ফরম্যাটের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ‘এ’ গ্রেডে রয়েছেন তার সঙ্গে আরও ১০ ক্রিকেটার।
গ্রেডে উন্নতি হয়েছে শার্দুল ঠাকুরেরও। ‘সি’ গ্রেড (১ কোটি রুপি) থেকে ‘বি’ গ্রেডে ওঠে এসেছেন মুম্বাই পেসার। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেক হয় তার। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দলে জায়গা করে নেন তিনি।
পান্ডিয়া-ঠাকুরের গ্রেডে উন্নতি হলেও ‘বি’ গ্রেডে অবনমন হয়েছে ভুবনেশ্বর কুমারের। দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে যুদ্ধ করছেন এই পেসার।
এ ছাড়া অস্ট্রেলিয়া সফরে দারুণ পারফরম্যান্স দেখানো দুই তারকা শুভমান গিল ও মোহাম্মদ সিরাজ আছেন ‘সি’ গ্রেডের চুক্তিতে। একই চুক্তিতে আছেন অক্ষর প্যাটেল। চোটে পড়া রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ডাক পান তিনি। তবে ‘সি’ গ্রেড থেকেও জায়গা হারিয়েছেন সাদা বলের দুই ক্রিকেটার মনীশ পান্ডে ও কেদার যাদব। দুই লেগ স্পিন তারকা কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল আছেন ‘সি’ গ্রেডে।
এ+ গ্রেডের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনজন। বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ। বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী তিনজন বাৎসরিক পাবেন ৭ কোটি রুপি।
ভারতের বাৎসরিক খেলোয়াড় চুক্তির তালিকা
গ্রেড-এ+ (৭ কোটি রুপি): বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ
গ্রেড-এ (৫ কোটি রুপি): রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, রিষভ পন্ত, হার্দিক পান্ডিয়া
গ্রেড-বি (৩ কোটি রুপি): ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক আগারওয়াল
গ্রেড-সি (১ কোটি রুপি): কুলদীপ যাদব, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, শুভমান গিল, হনুমা বিহারী, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ