‘রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য’ দেওয়ায় ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে মঙ্গলবার তার সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে পর্নোগ্রাফি পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। মাদানীর মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পায়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে।
৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন র্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।