স্পেনীয় ভাষার জগদ্বিখ্যাত কলম্বীয় কথাসাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ২০১৪ সালের ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেন। ‘গাবো’ নামে পরিচিত কলম্বীয় এই সাহিত্যিক একাধারে সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ ছিলেন। জনপ্রিয় এই ঔপন্যাসিক বিংশ শতাব্দীর শেষার্ধের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। উত্তর কলম্বিয়ার নিরক্ষীয় অঞ্চলের ক্যারিবীয় উপকূলের পার্বত্য এলাকার ছোট্ট শহর আরাকাতাকায় ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন মার্কেস। তিনি নানা-নানির কাছে বেড়ে ওঠেন। ১৯৫০ সালে আইন পড়াশোনা বন্ধ করে মার্কেস তার পেশাজীবন শুরু করেন আঞ্চলিক সংবাদপত্রে সাংবাদিকতার মাধ্যমে। ১৯৫৪ সালে সাংবাদিকতার কাজে রোমে যান মার্কেস। পরবর্তী সময়ে একজন বিদেশি সংবাদদাতা হিসেবে প্যারিস, নিউ ইয়র্ক, বার্সেলোনা, মেক্সিকোতে জীবনের বেশির ভাগ সময় কাটান তিনি। তার সবচেয়ে সফল উপন্যাস ‘নিঃসঙ্গতার একশ বছর’ সারা বিশ্বে প্রায় ১০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়। এ উপন্যাসের জন্য তিনি ১৯৭২ সালে রোমুলো গ্যালাওস পুরস্কার জিতে নেন। এ ছাড়া মার্কেজের নন্দিত রচনাসমূহের মধ্যে ‘লিফ স্টর্ম অ্যান্ড আদার স্টোরিজ’, ‘নো ওয়ান রাইটস টু কর্নেল’, ‘অ্যান ইভিল আওয়ার’, ‘বিগ মামাস ফিউনারেল’, ‘ইনোসেন্ট এরেনদিরা অ্যান্ড আদার স্টোরিজ’, ‘দ্য অটাম অব প্যাট্রিয়ার্ক’, ‘ক্রনিকল অব অ্যা ডেথ ফোরটোল্ড’ এবং ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’ প্রসিদ্ধ। ১৯৮২ সালে নোবেল পুরস্কার প্রদানের সময় সুইডিশ অ্যাকাডেমি মন্তব্য করেছিল যে তার প্রতিটি নতুন গ্রন্থের প্রকাশনা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ঘটনার মতো। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর মধ্যকার বন্ধুত্ব বহুল বিদিত। জীবনের শেষ দুই যুগ তিনি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ছিলেন। ২০১২ সালে স্মৃতি বিনষ্টিতে আক্রান্ত হন এবং ২০১৪ সালের ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেন বিশ্বখ্যাত এই কথাসাহিত্যিক।