গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ কিশোর নিহত

শরীয়তপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শরীয়তপুরের নড়িয়া উপজেলার আন্ধার মানিক বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর কাজী কান্দি গ্রামের সোলেমান আকনের ছেলে অভি আকন (১৬) ও মাষ্টার দেলোয়ার সিকদারের ছেলে বায়জিদ সিকদার (১৬)।

তারা ডিগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দুইজন জাজিরা এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ঘোরার পর তারা নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়।

স্থানীরা আহত অবস্থায় বায়জিত ও অভিকে শরীয়তপুর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বায়জিতকে মৃত ঘোষণা করেন। আর অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। ঢাকা নেয়ার পথে অভিরও মৃত্যু হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে বলেন, দুই বন্ধু ঘুরতে গিয়ে মোটরসাইকেল

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে, পরে দুজনই মৃত্যুবরন করে।