সাভারে চাকরি হারানো শ্রমিকদের বিক্ষোভ

সাভারের বিরুলিয়ায় চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার দুপুরে খাগান এলাকার ‘অ্যাপারেলস ভিলেজ লিমিটেড’ (কাজল গার্মেন্টস) নামে একটি কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানাটিতে কাজ করে আসছে প্রায় ৫ হাজার শ্রমিক। গত ৯ মার্চ সন্ধ্যা ৬টার দিকে কোনো নোটিস ছাড়াই বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করে প্রায় ৫০ শ্রমিককে চাকরিচ্যুত করে কারখানা কর্র্তৃপক্ষ। এ সময় জোরপূর্বক তাদের আইডি কার্ডও রেখে দেয় তারা।

ময়না আক্তার নামে চাকরিচ্যুত এক শ্রমিক বলেন, ‘চাকরিতে পুনর্বহাল না করলে রমজান ও ঈদের মধ্যে পরিবার নিয়ে কোথায় যাব। বিনা কারণে চাকরিচ্যুত করায় আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। তাই অনতিবিলম্বে চাকরিতে পুনর্বহালসহ বকেয়া বেতন পরিশোধের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।’ 

এ বিষয়ে জানতে কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।