‘সুইসাইড নোট’ রেখে হাসপাতালে করোনা রোগীর ‘আত্মহত্যা’

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১১তলার কেবিনের বাইরের রেলিং থেকে লাফিয়ে পড়ে মারা গেছে করোনা আক্রান্ত এক রোগী। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসপাতালটিতে ১ সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন হাসিব ইকবালের (৫০)। পরে পুলিশ তার কেবিন থেকে ‘একটি সুইসাইড নোট’ উদ্ধারের কথা জানায়। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল থেকে হাসিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ইস্কাটনে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

পুলিশ জানিয়েছে, ‘সুইসাইড নোটে’ অস্পষ্টভাবে লেখা, ‘আমি স্বেচ্ছায় আত্মহননের পথ বেছে নিলাম। আমাকে মুসলিম রীতিতে দাফন করা হোক।’

পাশের অন্য রোগীদের স্বজনরা সুইসাইড নোটের বিষয়ে বলেন, ‘পুলিশ চিরকুটটি নিয়ে যায়, তবে ঘটনার পরপরই আমরা অনেকেই সেটি দেখেছি।’

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, ‘আমরা তার কক্ষ থেকে একটি চিরকুট পেয়েছি। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি ক্লিয়ার হবে।’