এমবাপ্পে-ইকার্দি নৈপুণ্যে পিএসজির রোমাঞ্চকর জয়

ম্যাচের পাঁচ গোলের সব কটিই হলো শেষ ১২ মিনিটে। পিএসজি ও সাঁত এতিয়েন যেন কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দির ইনজুরি টাইমের গোলে ফরাসি লিগ ওয়ানে মহাগুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া পিএসজির। জোড়া গোল করে স্বমহিমায় উজ্জ্বল থাকলেন কিলিয়ান এমবাপ্পেও।

রবিবার ঘরের মাঠে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে পিএসজি। এই জয়ের সুবাদে শীর্ষে থাকা লিলের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে মাউরিসিও পচেত্তিনোর দল। লিগে দুই দলেরই বাকি আর ৫ পয়েন্ট। এই পর্যায়ে কোনো দলের পয়েন্ট হারানো মানেই পিছিয়ে যাওয়া।

এদিন ডেনিম বোয়াঙ্গার গোলে প্রথম এগিয়ে যায় সাঁত এতিয়েন। তবে দুই মিনিট পরই পিএসজির পক্ষে সমতা টানেন এমবাপ্পে।

৮৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এই গোলের মধ্য দিয়ে এবারের লিগে ২৮ ম্যাচে ২৩ গোল হলো এই সুপারস্টারের।

তবে যোগ করা সময়ে সাঁত এতিয়েনকে সমতা এনে দেন রোমেন হামোমা। পরে ডি মারিয়ার ক্রসে বদলি নামা ইকার্দি হেড থেকে গোল করলে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। গ্যালারিতে বসে উপভোগ করেছেন খেলা।