হঠাৎ জাতীয় দল থেকে অবসর নিয়ে বিস্ময়ের জন্ম দেয়া এবিডি ভিলিয়ার্স আরেকবার জাতীয় দলে ফিরতে চাওয়ার কথা বলেছেন।
গত বছর করোনা মহামারীর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়ায় তার ফেরার পরিকল্পনা ভেস্তে যায়। এবার আইপিএলে দারুণ খেলতে থাকা ভিলিয়ার্স জানালেন, সেই সুযোগ আছে এই বছরও।
রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৪ বলে ৭৬ রানের বিস্ফোরক ইনিংসের পর বলেন, ‘এখনো বুচির (বাউচারের ডাক নাম) সঙ্গে কথা হয়নি। আইপিএলের কোন একটা সময়ে কথা বলার অপেক্ষায় আছি আমরা। গত বছর সে জিজ্ঞেস করেছিল আমি আগ্রহী কিনা, আমি বলেছিলাম অবশ্যই, আইপিএলের শেষে হয়ত আমার ফিটনেসের অবস্থা দেখে সিদ্ধান্ত হবে।’
তিনি বলেন, ‘একই সঙ্গে দলের পরিস্থিতিও বিচার করে দেখতে হবে। গত বছর যারা পারফর্ম করেছে তাদের সুযোগ প্রাপ্য। যদি আমার জায়গা না থাকে তাহলে সেটাও মানতে হবে। আর যদি সুযোগ পাই তবে তো দারুণ ব্যাপার। দেখা যাক আইপিএল শেষে কি হয়।’