প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অপরাধে চাঁদপুরে হেফাজতে ইসলামের এক কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক হেফাজতকর্মী হলেন- শহরের ৭নং ওয়ার্ড কবরস্থান রোড এলাকার বাসিন্দা মুসলিম খানের ছেলে জাকারিয়া খান (২০)।
সোমবার তাকে লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. সানজিদ আহমেদ বলেন, জাকারিয়া খান একজন হেফাজত কর্মী। তিনি সোমবার তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেন।
পরে তিনি ওই স্ট্যাটাস ডিলিট করলেও ততক্ষণে তা ভাইরাল হয়ে যায়।
এই ঘটনায় তাকে সোমবার পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।