প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফর ঘিরে গাজীপুর মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এনিয়ে মঙ্গলবার ( ১৯ মে) গণবিজ্ঞপ্তি জারি করে গাজীপুর মহানগর পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের মহানগরী আইন অনুসারে পুলিশ কমিশনার নির্দিষ্ট কিছু এলাকায় অস্থায়ীভাবে বসবাস, ড্রোন ও বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে বুধবার (২০) রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা, মাঝিপাড়া এবং গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া, নিশাত হাউজিং এলাকাসহ আশপাশের এলাকায় আবাসিক ও অনাবাসিক ভবনে স্থায়ী বা ভাড়াটিয়া হিসেবে নতুন কোনো ব্যক্তির বসবাস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া ওইসব এলাকায় কোনো ব্যক্তি অস্ত্র, বিস্ফোরক বা অনুরূপ দ্রব্য বহন, ড্রোন ও অন্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে উড়ানো থেকেও বিরত থাকতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
