নীলফামারীতে ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নীলফামারীর ডোমারে নিজের ঘরে অগ্নিদগ্ধ হয়ে জোবেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ওই নারীর ঝুপড়ি ঘরে আগুন লেগে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, প্রায় ১০ বছর ধরে ডোমার প্রেস ক্লাব সংলগ্ন রেললাইনের ধারে ঝুপড়ি ঘরে বসবাস করে ভিক্ষাবৃত্তিতে জীবিকা নির্বাহ করে আসছিলেন জোবেদা খাতুন।

সোমবার গভীর রাতে ওই ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ঘরে ঘুমন্ত জোবেদা দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে ডোমার দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর তার মৃতদেহ উদ্ধার করে।

ডোমার দমকল বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজান আলী বলেন, ‘রাত একটা পাঁচ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর ওই ঘর থেকে জোবেদা খাতুনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত এবং ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান বলেন, জিডি মূলে জোবেদা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাতেই জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডোমার পৌরসভার কাউন্সিলর আখতারুজ্জামান সুমন জানান, বৃদ্ধার প্রকৃত ঠিকানা এবং পরিবারে অন্য কেউ আছেন কিনা সে বিষয়ে জানা নেই।