তরুণীকে যৌন হয়রানির অভিযোগে দোকান মালিক গ্রেপ্তার

আশুলিয়ায় একটি কাপড়ের দোকানের এক তরুণী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দোকান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কাঁঠালবাগান এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

পরে রাতেই তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

অভিযুক্ত মকবুল হোসেন চাঁদপুর জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ার কাঁঠালবাগান এলাকায় খান সাহেবের বাড়ির ভাড়াটিয়া।

ভুক্তভোগী তরুণী বলেন, তিন মাস আগে তিনি মকবুলের মালিকানাধীন ওই ব্যক্তির কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ শুরু করেন। কিন্তু মাঝেমধ্যেই মকবুল নানা বাহানায় তার শরীরে হাত দিতেন। এছাড়াও তাকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, সবশেষ এসব সহ্য করতে না পেরে প্রায় তিন মাস আগে মকবুলের দোকানের চাকরি ছেড়ে পাশে আরেক দোকানে সেলসম্যানের চাকরি নেন। তারপরও ফোনে, কর্মস্থলে ও পথে নানাভাবে তাকে হয়রানি করতে থাকেন মকবুল। গতকাল সকালেও মকবুল তার নতুন কর্মস্থলে এসে ফের কু-প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে  উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেন মকবুল। পরে উপায়ন্তু না পেয়ে থানায় অভিযোগ করি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগী তরুণী থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রাতেই অভিযুক্ত মকবুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতাও মিলেছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।