বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্তের ১৪তম দিনে অনেকটা ভালো আছেন। তার জ¦র নেই। নেই অন্য কোনো ধরনের জটিলতাও। গতকাল বুধবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘রাতে আমরা চেয়ারপারসনের মেডিকেল টিমের সদস্যরা সর্বশেষ পরিস্থিতি জানতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যাব।’
এদিকে ফিরোজায় অবস্থান করা অন্য করোনায় আক্রান্ত রোগীরা জটিলতা ছাড়া ভালো আছেন। এদেরই একজন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আগামী শনিবার করোনার টেস্ট করাব। চেয়ারপারসন রবিবার করাতে পারেন। কারণ আমাদের এক দিন পর তার করোনা পরীক্ষা করা হয়েছিল।’
লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রায় সব গণমাধ্যমে এ খবর প্রকাশের বেশ কয়েক ঘণ্টা পর ওইদিন বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসে আনুষ্ঠানিকভাবে বেগম জিয়ার কভিড ‘পজিটিভ’র কথা স্বীকার করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর খালেদা জিয়ার চিকিৎসায় বিএনপি একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী। অন্যরা হলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাকুর খান ও ডা. মোহাম্মদ আল মামুন।
সুস্থতা কামনায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল : খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবের নামাজকক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপিপন্থি সাংবাদিক সমাজের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে করোনাভাইরাসসহ নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া এবং সাংবাদিকদের আরোগ্য ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাব এবং বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের বর্তমান সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের বর্তমান সহসভাপতি বাছির জামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন ও রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, বিএফইউজের সহকারী মহাসচিব শফিউল আলম দোলন প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তৃতায় সাংবাদিক নেতারা খালেদা জিয়াকে মিডিয়াবান্ধব মজলুম নেত্রী হিসেবে উল্লেখ করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে ঢাকাসহ সারা দেশে করোনাসহ নানা জটিলতায় চিকিৎসাধীন সাংবাদিকদের রোগমুক্তি এবং এরই মধ্যে যেসব সাংবাদিক মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন।