ভারতের হরিয়ানা প্রদেশের একটি সরকারি হাসপাতাল থেকে করোনা ভ্যাকসিনের ১৭০০ ডোজ চুরি হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার রাতে জিন্দ এলাকার হাসপাতাল থেকে ভ্যাকসিনগুলো চুরি হয়।
চুরি হওয়া ভ্যাকসিনের মধ্যে অক্সফোর্ডের ছিল ১২৭০ ডোজ। ৪৪০ ডোজ কোভ্যাক্সিনের।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টোরে থাকা অন্য ওষুধ কিংবা টাকায় হাত দেয়নি চোর।
যে ঘরে প্রতিষেধকগুলো রাখা ছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এমনকি ওই ঘরের বাইরে কোনো নিরাপত্তাকর্মীও ছিলেন না।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে এখন বেসামাল অবস্থা। বিভিন্ন হাসপাতাল থেকে এমন অনিয়মের খবর আসছে। কোথাও কোথাও অক্সিজেন ট্যাংকার লুটের অভিযোগও শোনা গেছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৫ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১০২ জন।
এ নিয়ে করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট শনাক্ত দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। মৃত্যুর দিক থেকে ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ।
করোনাভাইরাসের ‘ডাবল মিউটেড’ ভ্যারিয়েন্টের আতঙ্ক কাটতে না কাটতেই দেশটিতে থাবা বসিয়েছে ‘ট্রিপল মিউটেড’ ভ্যারিয়েন্ট (তিন স্ট্রেইন মিলে এক ভ্যারিয়েন্ট)। এ কারণেই অবস্থা বেশি খারাপ সেখানে।