২১৭ বার করোনার টিকা নিয়েছেন যে ব্যক্তি

  • ২৯ মাসের মধ্যে মোট ২১৭ বার করোনার টিকা নিয়েছিলেন ৬২ বছর বয়সী ওই জার্মান নাগরিক
  • টিকাগুলো তিনি ব্যক্তিগতভাবে কিনে প্রয়োগ করতেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১২:০৭ পিএম

একবার, দুইবার নয় ২১৭ বার করোনার টিকা নিয়েছেন এক ব্যক্তি। তাও আবার চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই অদ্ভুত এই কাণ্ড ঘটিয়েছেন জার্মানির এক নাগরিক।

অদ্ভুত এ ঘটনা বিশ্বখ্যাত ল্যানসেট ইকফেকশাস ডিজিজেস সাময়িকীতে নথিবদ্ধ হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২৯ মাসের মধ্যে মোট ২১৭ বার করোনার টিকা নিয়েছিলেন ৬২ বছর বয়সী ওই জার্মান নাগরিক। সবগুলো টিকা তিনি ব্যক্তিগতভাবে ক্রয় করে প্রয়োগ করেছিলেন কোন চিকিৎসকের পরামর্শ ছাড়াই।

তবে এতবার করোনার টিকা নেওয়ার পরও ব্যক্তিটির শরীরে কোন ধরনের খারাপ প্রভাব নেই বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অফ এরল্যাঞ্জেন-নুরেমবার্গের গবেষকরা। তবে তাঁর নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

বিশ্ববিদ্যালয়টির অণুজীববিজ্ঞান বিভাগের ড. কিলিয়ান সোবার বলেন, পত্রিকার নিবন্ধের মাধ্যমে আমরা তার এই ঘটনা সম্পর্কে জানতে পারি। পরে আমরা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে তাকে বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানাই। তিনি খুব আগ্রহ নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন।

গবেষকরা ওই ব্যক্তির রক্ত ও লালার নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এ ছাড়া আগে থেকে জমা থাকা তাঁর হিমায়িত রক্তের নমুনাও পরীক্ষা করে দেখেছেন গবেষকরা।

ড. কিলিয়ান বলেন, ‘ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে এ–সংক্রান্ত গবেষণা চলাকালীন সময়ও নিজ আগ্রহে করোনার টিকা নিয়েছেন তিনি।’

তিনি আরও জানান, এতবার করোনার টিকা নেওয়ার পর শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ঠিক কীভাবে প্রতিক্রিয়া দেখায়, এ–সংক্রান্ত গবেষণায় ওই ব্যক্তির নমুনাগুলো ব্যবহার করা হয়েছে।

এতবার করোনার টিকা দিয়েছেন এই প্রমাণ হিসেবে ওই ব্যক্তির কাছ থেকে করোনার টিকার নেওয়ার ব্যবহৃত ১৩০টি ইনজেকশন জব্দ করেছেন ম্যাগদেবুর্গ শহরের সরকারি কৌঁসুলি। এ ঘটনায় জালিয়াতি–সংক্রান্ত তদন্ত শুরু করেছেন তিনি। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে এখন কোন ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

তবে সবচেয়ে অবাক করা বিষয়, ২১৭ বার টিকা নেওয়ার আগে–পরে ওই ব্যক্তি কখনোই করোনায় আক্রান্ত হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত