আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আশুলিয়ায় ট্রাকচাপায় হানিফ (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মাসুদ রানা (৩২) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কেরর আশুলিয়ার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ জিরানী কোনাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে হানিফ ও তার বন্ধু মাসুদ নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন৷ এ সময় তারা কবিরপুর এলাকায় পৌঁছালে নবীনগরগামী একটি অজ্ঞাত ট্রাক তাদেরকে চাপায় দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয় ও গুরুতর আহত হন মাসুদ।

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।