কক্সবাজারের উখিয়ার ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প (তানজিমারখোলা) এলাকা থেকে তিনজন আর্মড পুলিশ সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করে ৮ এপিবিএনের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৯৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ৮ এপিবিএন কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও মো. নাজিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরনার্থী ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে (৩৮) দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করতে এসআই সোহাগ চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে হেডমাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অবগত করেন।
পরে এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হেডমাঝি একরামের সাথে এসআই সোহাগের বাক-বিতণ্ডার একপর্যায়ে এপিবিএনের সিনিয়র কর্মকর্তারা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হন।
পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ ওই তিনজন আর্মড পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। ইয়াবা সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত ১০টার দিকে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়াও আরও কেউ মাদকের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান অধিনায়ক শিহাব কায়সার খান।