রায়গঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়–য়া গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হল- ওই গ্রামের সেলিম হোসেনের ছেলে হামজেলা (৫) ও আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মনি (৪)।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ দিন সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।