ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আতাউল্লাহর বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হাটখোলা গ্রামে এ হামলা ঘটে বলে অভিযোগ। ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করেছে আতাউল্লাহ অভিযোগ করলেও ছাত্রলীগ তা অস্বীকার করে। হামলার সময় আতাউল্লাহ ঢাকায় ছিলেন।
আতাউল্লাহ অভিযোগ করে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন তার দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে আমাকে খুঁজতে থাকে। পরে আমাকে না পেয়ে ঘরের আসবাব ভাঙচুর শুরু করে। এ সময় ঘরের লোকজন প্রতিবাদ করলে তাদের মারধর করে। পরে হামলাকারীরা চলে যাওয়ার সময় অগ্নিসংযোগ করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
তবে হামলার অভিযোগ ভিত্তিহীন দাবি করে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন বলেন, ‘আমি কিংবা ছাত্রলীগের কেউ হামলা করেনি। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তাছাড়া আতাউল্লাহকে আমি চিনিও না’।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাড়িতে হামলার তেমন আলামত পাওয়া যায়নি। শুধু একটি তোষক পুড়ে যাওয়ার চিহ্ন দেখা গেছে। কিন্তু স্থানীয়রা জানিয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। এলাকাবাসীর দাবী, নুর নতুন দল গঠন করবে। সেই দলে বড় পদ পাওয়ার জন্য আতাউল্লাহ নিজের লোক দিয়ে এমন করে থাকতে পারে।