মাউন্ট এভারেস্টেও হানা দিয়েছে করোনাভাইরাস। এভারেস্টে পর্বতারোহণে যাওয়া অন্তত একজন আরোহীর দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এভারেস্টে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া নিশ্চিতভাবেই নেপালের জন্য একটি বড় ধাক্কা। দেশটির অর্থনীতি অনেকাংশে এভারেস্ট পর্যটনের ওপর নির্ভরশীল। মহামারীর কারণে প্রায় এক বছর বন্ধ ছিল মাউন্ড এভারেস্ট। মাত্র কয়েক সপ্তাহ আগে বিশ্বের সর্বোচ্চ এই পাহাড় আবার খুলে দেওয়া হয় পর্বতারোহীদের জন্য। কভিড-১৯ ‘পজিটিভ’ নরওয়ের পর্বতারোহী আরলেন্ড নেসকে রাতে একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেসের দলের একজন শেরপাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কীভাবে ভাইরাসের কবলে পড়লেন, তা নিশ্চিত হয়ে বলতে পারছেন না নেস। তিনি খুম্বু ভ্যালিতে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি সেখান থেকেই আক্রান্ত হয়েছেন। নিজেকে ভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে ‘খুবই সতর্ক’ ছিলেন নেস। জানিয়েছেন, তিনি বারবার হাত ধুয়েছেন এবং সারাদিন মাস্ক ব্যবহার করতেন।
এভারেস্টের চূড়ার পথে রওনা হওয়ার ছয় দিন পর নেস অসুস্থ বোধ করেন। গত ১৫ এপ্রিল তাকে হেলিকপ্টারে করে উদ্ধার করে আনা হয়। রাজধানী কাঠমান্ডুর দুটি আলাদা হাসপাতালে তাকে তিনবার পরীক্ষা করা হয়। তিনবারই তার পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। হাসপাতালে আইসোলেশনে থাকার পর গত ২২ এপ্রিল নেসকে পুনরায় পরীক্ষা করা হয় এবং তার পরীক্ষার ফল ‘নেগিটিভ’ আসে। বর্তমানে তিনি কাঠমান্ডুতে বন্ধুদের সঙ্গে আছেন।